রাজবাড়ীর কালুখালী উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি অবৈধ জাল তৈরির কারখানায় অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ি চরের শিকদারপাড়া গ্রামে এ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করা হয়েছে।
দুপুর দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট। অভিযানে মৃত তমিজ উদ্দিন শেখের ছেলে মোতালেত শেখের মালিকানাধীন অবৈধ জাল তৈরির কারখানায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চায়না দুয়ারি জাল মাছের পোনা ও ছোট মাছ নির্বিচারে নিধন করে, যা প্রাকৃতিক মৎস্য প্রজনন ও উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত করছে। এ কারণে সরকার এই জালের উৎপাদন, মজুত, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। জব্দকৃত সরঞ্জাম উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আইন অমান্য করে অবৈধ জাল উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।