সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে নাটোরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী 'মৌসুমি ফল উৎসব'।

শুক্রবার (২৬ জুন) সকালে নাটোর জেলা শহরের প্রাণকেন্দ্র কানাইখালীতে অবস্থিত জেলা রিপোর্টার্স ক্লাব, নাটোরের নিজস্ব কার্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়।

জেলা রিপোর্টার্স ক্লাব, নাটোরের সভাপতি ও দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক-সম্পাদক অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ও দৈনিক বারবেলা পত্রিকার সহকারী সম্পাদক মেহেরুল ইসলাম মোহন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ মাস্টার (অব.), আব্দুল হান্নান মাস্টার এবং দৈনিক ভোরের চেতনা পত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি শামসুল ইসলাম মাস্টার। এছাড়া দৈনিক প্রথম বেলা পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল আলীমসহ জেলার সাতটি উপজেলার সাংবাদিকবৃন্দ এবং সংগঠনের সদস্যরা উৎসবে অংশ নেন।

উৎসবে আম, কাঁঠাল, কলা, ড্রাগন ফল, পেয়ারা, জাম, জামরুল, কদবেল, আতা, নারকেল, তাল ও তরমুজসহ হরেক রকমের দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়। উৎসবমুখর পরিবেশে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে এসব সুস্বাদু ফল উপভোগ করেন এবং আনন্দঘন সময় কাটান।

বক্তারা বলেন, “ব্যস্ত পেশাগত জীবনের বাইরে এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে। পাশাপাশি এটি দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখে।”

এমন আন্তরিক ও ব্যতিক্রমী আয়োজনের জন্য জেলা রিপোর্টার্স ক্লাব, নাটোরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা। উৎসবটি স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান অংশগ্রহণকারীরা।