গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, সরকারের সকল উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক সক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে শিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার।

শুক্রবার বিকালে গাজীপুরের কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা বিস্তার, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে এদিন কালীগঞ্জে একই সাথে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন এবং বিভিন্ন কল্যাণমুখী সহায়তা বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলুল হক মিলন আরও বলেন, "আজকে যে সমস্ত উপকরণ বিতরণ করা হলো, এই উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এবং উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল থেকে বিভিন্ন ক্যাটাগরিতে এই অনুদান প্রদান করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, এলাকার ১৫৭ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর যাতায়াতের সুবিধার্থে তাদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৫০ জন দুস্থ ও অসচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ (এসসিআই)’ কর্মসূচির আওতায় এলাকার ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্মার্ট বোর্ড, বিশুদ্ধ পানির ফিল্টার এবং খেলাধুলা ও সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়। অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০টি পরিবারের স্বাবলম্বী হওয়ার জন্য প্রতিটি পরিবারকে ২টি করে ছাগল, ১০ কেজি প্রাণিখাদ্য এবং ছাগল পালনের গৃহ নির্মাণ সামগ্রী দেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লীমা এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাস্টার হুমায়ুন কবির, সদস্য সচিব আলহাজ খালেকুজ্জামান বাবলুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীবৃন্দ।