মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের অনুরোধের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ইরানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।

তবে ট্রাম্পের এই দাবির বিপরীতে কিছুটা ভিন্ন সুর শোনা গেছে ইরানের পক্ষ থেকে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, চলতি সপ্তাহে কাতারে মার্কিন ‘টেকনিক্যাল টিমের’ সঙ্গে কোনো বৈঠক করার আনুষ্ঠানিক পরিকল্পনা তাদের নেই।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ঘারিবাবাদি বলেন, “কাতারের সঙ্গে আমাদের আলোচনার মধ্যে অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, যা যথারীতি চলমান।” তিনি আরও জানান, কিছু গণমাধ্যমে দোহায় কারিগরি আলোচনার যে খবর প্রকাশিত হচ্ছে, তা এখন পর্যন্ত নিশ্চিত নয়।

ঘারিবাবাদি ব্যাখ্যা করেন, শর্ত পূরণ এবং তারিখ ও স্থান নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর পরই ওয়ার্কিং গ্রুপগুলোর কাঠামোর মধ্যে কারিগরি আলোচনার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা এখনও অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পর উভয় পক্ষের বক্তব্যের অমিল কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।