চট্টগ্রামের পটিয়ায় চাঁদা না দেওয়ার জেরে মো. মামুন সিকদার (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত মামুন সিকদার ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন সিকদার আনোয়ারা খাল থেকে নৌকায় বালু এনে ছনহরা এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছেন। সোমবার দুপুরে বালুভর্তি বোট নিয়ে আসার পর আশিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. সোহেল তার পথরোধ করে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। মামুন সিকদার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহেল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা মামুন সিকদারকে বেদম মারধর করে এবং ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে তাকে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত মামুন সিকদারকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
আহত বিএনপি নেতা মামুন সিকদার বলেন, "আমি বৈধভাবে বালুর ব্যবসা করে আসছি। সন্ত্রাসীরা আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা আমার ওপর প্রাণঘাতী হামলা চালায়।" তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের হস্তক্ষেপ কামনা করেছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, "বিএনপি নেতাকে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"