চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নার্সিং খাতের বিকাশে ফ্রান্সের কারিগরি ও বিনিয়োগ সহায়তা কামনা করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। 

সোমবার (২৯ জুন) বিকেলে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন নার্স তৈরির কোনো বিকল্প নেই। বর্তমানে চসিক পরিচালিত নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হলেও, এটিকে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রিতে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। 

তিনি উল্লেখ করেন, দক্ষ নার্স গড়ে তুলতে পারলে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ক্ষেত্রে ফ্রান্সের অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে চট্টগ্রামের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মেয়র জানান, চট্টগ্রামকে একটি আধুনিক ‘হেলদি সিটি’ হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। ইতোমধ্যে স্কুল হেলথ কার্ড, এনআইসিইউ স্থাপন এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় ফ্রান্সের রাষ্ট্রদূত চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশে আগ্রহ প্রকাশ করেন। তিনি ফ্রান্সের কোনো একটি শহরের সঙ্গে চট্টগ্রামের ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। উভয় পক্ষ টেকসই নগর উন্নয়ন ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়ে একমত পোষণ করেন।

বৈঠকে ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা চট্টগ্রাম ওয়াসার চলমান স্যানিটেশন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, এ প্রকল্পের মাধ্যমে নগরীর আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও কর্ণফুলী নদীর দূষণ রোধে কাজ চলছে। প্রকল্পের সফল বাস্তবায়নে চসিকের সক্রিয় সহযোগিতা ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাতে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।