দক্ষিণ ভারতীয় নির্মাতা এস এস রাজামৌলি মানেই মহাকাব্যিক সব আয়োজন। ‘বাহুবলী’ কিংবা ‘আরআরআর’-এর পর এবার তার চলমান ছবি ‘বারাণসী’ নিয়ে নতুন এক চমক সামনে এল। ছবির একটি মাত্র দৃশ্যে নায়ক মহেশ বাবুর সঙ্গে অংশ নেবেন সাড়ে তিন হাজার জুনিয়র শিল্পী!
মিড ডে’র প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে ‘বারাণসী’র একটি যুদ্ধের দৃশ্যের চূড়ান্ত প্রস্তুতি চলছে। এই বিশাল কর্মযজ্ঞে মহেশ বাবুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রায় ৩ হাজার ৫০০ শিল্পী। নির্মাতা রাজামৌলির ক্যারিয়ারেও এত বড় পরিসরে কোনো দৃশ্যের কাজ আগে হয়নি বলে জানা গেছে। আগামী ৭ জুলাই থেকে ভারতের হায়দরাবাদে এই দৃশ্যটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
২৭ জুন প্যারিসের ‘লা সিনেমাথিক ফ্র্যাঞ্চাইজ’-এ অংশ নিয়ে রাজামৌলি ছবির নতুন এই দৃশ্যায়নের খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, যুদ্ধের দৃশ্যটিকে চূড়ান্ত মহাকাব্যিক রূপ দিতে বাস্তব শুটিংয়ের পাশাপাশি ভিএফএক্সের (VFX) ওপরও প্রচুর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রযুক্তির নিখুঁত ব্যবহারে পর্দায় ৫০ হাজার বানরের একটি বিশাল বাহিনী তৈরি করা হবে, যা সিনেমার উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দেবে।
পৌরাণিক অ্যাকশন ঘরানার এই বিগ বাজেটের ছবিতে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন পৃথ্বীরাজ সুকুমারনের মতো তারকা। রাজামৌলি পরিচালিত এই মহাকাব্যিক ছবিটি আগামী বছর মুক্তির অপেক্ষায় রয়েছে।