টাঙ্গাইলের মধুপুরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিগ্রহের (ধর্ষণ চেষ্টার) প্রতিবাদে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার (১ জুলাই) সকালে মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

ভুক্তভোগী শিশুটি মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রতিবেশী এক বখাটের বিরুদ্ধে তাকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠায় স্থানীয়রা ফুসে ওঠেন। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা নিপীড়নকারীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।

বক্তারা বলেন, স্কুল, মাদ্রাসা কিংবা নিজ বাড়ি—শিশুদের প্রতিটি পরিবেশ নিরাপদ হওয়া জরুরি। কোনো শিশুই যেন আর এমন ভয়াবহ পরিস্থিতির শিকার না হয়, সেজন্য প্রশাসনকে সুদৃষ্টি দেওয়ার আহ্বান জানান তারা। দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান স্থানীয়রা।