মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়ে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী বলেন, 'বিষয়টি প্রক্রিয়াধীন। যেহেতু তিনি দণ্ডিত আসামি এবং বিদেশে অবস্থান করছেন, তাই আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে আমরা তাকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করতে চাই। বাংলাদেশের জনগণও সেটাই চায়।'

অন্যদিকে, গত ১৭ বছরে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন যে, পাচার হওয়া অর্থ উদ্ধারে ১০টি দেশের কাছে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে।'

শামা ওবায়েদ আরও বলেন, অর্থ ফেরতের প্রক্রিয়াটি সময়সাপেক্ষ এবং এটি রাতারাতি সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও চুক্তির মাধ্যমে বাংলাদেশ ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। 

জনগণের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার অবিচল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।