সংযুক্ত আরব আমিরাতের ‘দুবাই ডিউটি ফ্রি’ লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়েছেন দুই ভারতীয় প্রবাসী। মিলেনিয়াম মিলিওনিয়ার সিরিজের টিকিটে ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) করে জিতেছেন তারা। বিজয়ীদের একজন মোহাম্মদ শিবিল থায়্যিল, যিনি মাত্র এক মাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
লটারি বিজয়ীদের একজন ৪৮ বছর বয়সী কবির পুভাথিংগাল, যিনি গত ২২ বছর ধরে দুবাইতে কর্মরত। তিনি ১৩ জুন অনলাইনে টিকিটটি কিনেছিলেন। কবির পাঁচ সন্তানের জনক এবং আবু ধাবির একটি এভিয়েশন প্রতিষ্ঠানে কাজ করেন। এক যুগেরও বেশি সময় ধরে নিয়মিত লটারিতে অংশ নেওয়ার পর অবশেষে তার এই বড় জয় এলো।
অপর বিজয়ী ৩০ বছর বয়সী মোহাম্মদ শিবিল থায়্যিল গত বছরের অক্টোবরে দুবাইতে পাড়ি জমান। শারজাহ বিমানবন্দরের একটি প্রতিষ্ঠানে বিক্রয় বিভাগে কর্মরত এই তরুণ মাত্র দ্বিতীয়বার টিকিট কেনার মাধ্যমেই জিতে নিয়েছেন ১২ কোটি টাকা। বিয়ের ঠিক পরপরই পাওয়া এই অভাবনীয় সাফল্যে তিনি অত্যন্ত আপ্লুত।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে এই লটারি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০ লাখ ডলার জেতা ভারতীয়দের সংখ্যা ২৭৮ ও ২৭৯ জনে দাঁড়িয়েছে। দুবাই ডিউটি ফ্রি লটারির সবচেয়ে বড় ক্রেতা হিসেবে ভারতীয় প্রবাসীরা বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন।