সদ্য সমাপ্ত জুন মাসে গ্রাহকদের বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি এবং লোডশেডিংয়ের ভোগান্তি নিয়ে জরুরি মতবিনিময় সভা করেছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (২ জুলাই) বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাঠ পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির বর্তমান চিত্র, অস্বাভাবিক বা ‘ভূতুড়ে’ বিল তৈরির নেপথ্যের কারণ এবং গ্রাহকদের ভোগান্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সোলার সিস্টেমে নেট মিটারিং ব্যবস্থা স্থাপনের সর্বশেষ হালনাগাদ অগ্রগতি নিয়েও সভায় পর্যালোচনা করা হয়েছে।
জুন মাসের বিল অস্বাভাবিক হওয়ার পেছনে কোনো কারিগরি ত্রুটি বা গাফিলতি রয়েছে কি না, তা দ্রুত খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের লোডশেডিং সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো শোনা হয়। বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এবং লোডশেডিং সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে করণীয় নির্ধারণ করা হয়। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রসারে সোলার প্যানেলে নেট মিটারিং স্থাপনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সভায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ গ্রাহক সেবার মান উন্নয়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। কোনোভাবেই যেন গ্রাহক হয়রানি না হয়, সে বিষয়ে তিনি কড়া সতর্কবার্তা দিয়েছেন।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, সভায় উঠে আসা অভিযোগগুলোর প্রেক্ষিতে বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিগুলোকে গ্রাহক পর্যায়ে সমন্বয়ের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।