বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেছে জাপান থেকে প্রাপ্ত ৫টি উচ্চগতিসম্পন্ন পেট্রোল বোট। 

বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রামে আয়োজিত এক আনুষ্ঠানিকতার মাধ্যমে জাপানের সরকারি নিরাপত্তা সহায়তা কর্মসূচির আওতায় বোটগুলো বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি। এছাড়াও অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও উভয় দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে ২০২৩ সালের নভেম্বরে এই ৫টি বোট সংগ্রহের দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। গত ৬ ফেব্রুয়ারি বোটগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর জাপানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নৌবাহিনীর সদস্যদের সেগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রতিটি বোট ১৬ দশমিক ১৫ মিটার দীর্ঘ এবং ৩ দশমিক ৫৩ মিটার প্রশস্ত। সর্বোচ্চ ৩২ নটিক্যাল মাইল গতিসম্পন্ন এই বোটগুলো নদী, মোহনা ও উপকূলীয় অঞ্চলের সংকীর্ণ জলপথে অত্যন্ত কার্যকর। এগুলো সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় টহল, নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনীর সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করেছে।