জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন। দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ লড়াই ও বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসজুড়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পালন করবে সংগঠনটি।
ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির বিবরণ, ১৫ জুলাই: টিএসসি অডিটোরিয়ামে 'গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন' শীর্ষক আলোচনা সভা। ১৬ জুলাই: চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ। একই দিনে দেশের অন্যান্য সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে। ১৮ জুলাই: 'বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস' উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিশেষ কর্মসূচি। ২০ জুলাই: গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে স্মরণসভা। ২১ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহের ওপর লাইভ পারফরম্যান্স ‘প্রতীকী জুলাই’। একই দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথ নাটক অনুষ্ঠিত হবে। ২২ জুলাই: শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সারাদেশে সকল ইউনিটে দোয়া ও মিলাদ মাহফিল। ২৪ ও ২৫ জুলাই: কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারাদেশে শহীদদের কবর জিয়ারত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও উপহারসামগ্রী প্রদান। ৩ আগস্ট: জাতীয় শহীদ মিনারে বিশাল ছাত্র সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।
উল্লেখ্য, এই কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যেই ১ জুলাই প্রথম প্রহরে জাতীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি সম্পন্ন হয়েছে।