ফুটবল বিশ্বকাপের মঞ্চ থেকে আরও এক কিংবদন্তির বিদায় ঘণ্টা বেজে গেল। নাটকীয় ও আবেগঘন এক ম্যাচে ক্রোয়েশিয়ার সমতাসূচক গোলটি শেষ মুহূর্তে বাতিল হওয়ায় লুকা মদ্রিচের বিশ্বকাপ যাত্রা এখানেই থেমে গেল। একই ম্যাচে জয় পেয়ে পরের ধাপে পা রেখেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ লুকা মদ্রিচকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন রোনালদো। প্রিয় বন্ধুকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি লুকার সাথে অনেক বছর খেলেছি। ও ফুটবল ইতিহাসের একজন কিংবদন্তি। সবকিছুর জন্য তোমাকে অভিনন্দন। তোমার ক্যারিয়ারের আগামী বছরগুলোর জন্য আমার অনেক শুভকামনা রইল।”
ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথেই বিমর্ষ মদ্রিচ হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে পড়েন। তার চোখে ছিল হতাশার অশ্রু। ৪০ বছর বয়সেও এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। ৬৬ বার বলে পা ছোঁয়ানো, তিনটি সফল ট্যাকল এবং বিপজ্জনক ক্রস দিয়ে তিনি আবারও প্রমাণ করেছেন কেন তাকে ফুটবলের জাদুকর বলা হয়। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে রানার্সআপ ও তৃতীয় হওয়া ক্রোয়েশিয়ার এই কান্ডারি নিজের পঞ্চম বিশ্বকাপে এসে বিদায় নিলেন।
ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ: “লুকা খুব ভালো খেলেছিল। আমি খুব দুঃখিত যে তার শেষটা এভাবে হলো। এটিই তার শেষ বিশ্বকাপ কি না, তা কেবল ঈশ্বরই জানেন। আমরা ক্রোয়েশিয়ায় ফিরে তার সাথে কথা বলব।”
পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ: “মদ্রিচ এমন একজন খেলোয়াড় যে খেলার গতির সঙ্গে তাল মিলিয়ে দারুণ সিদ্ধান্ত নিতে পারে। সে ফুটবল চিন্তার এক চমৎকার উদাহরণ।”
২০১৮ সালে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলে জিতেছিলেন ব্যালন ডি’অর। রিয়াল মাদ্রিদে জেতা ছয়টি চ্যাম্পিয়নস লিগ ও চারটি লা লিগা শিরোপা। ক্লাব ক্যারিয়ারে ২৩ মৌসুমের দীর্ঘ পথচলা।
মদ্রিচের এই বিদায় যেন একটি যুগের সমাপ্তি। ফুটবলপ্রেমীদের হৃদয়ে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।