চট্টগ্রাম নগরের হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে গোলপোস্টের নিচে চাপা পড়ে মাহিদুল ইসলাম (১৯) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিদুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে। তিনি চট্টগ্রামে রংমিস্ত্রির কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাহিদুল তার বন্ধুদের সঙ্গে হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যান। খেলার একপর্যায়ে মাহিদুল একটি গোল করেন। গোল করার আনন্দে উচ্ছ্বসিত হয়ে তিনি মাঠের লোহার গোলপোস্টটিতে ঝুলে পড়েন। দুর্ভাগ্যবশত গোলপোস্টটি নড়বড়ে অবস্থায় থাকায় তা মাহিদুলের ওপর ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
উপস্থিত বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, গুরুতর আহত অবস্থায় মাহিদুলকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
তরুণ বয়সে এমন একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।