চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জব্দ করা এই ডিজেলের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নৌ পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ভেসেল পয়েন্ট জেটি সংলগ্ন কর্ণফুলী নদীতে এই অভিযান পরিচালিত হয়। ‘ওটি ইশরাত’ নামের একটি অয়েল ট্যাংকারে তল্লাশি চালিয়ে এই ডিজেল উদ্ধার করা হয়। ট্যাংকারে থাকা দায়িত্বরতরা ডিজেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে পুলিশ তাদের আটক করে এবং ট্যাংকার ও ডিজেল জব্দ করে।

গ্রেপ্তার ছয়জন হলেন—আরিফুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম ওরফে ইশাদ (২২), মো. আব্দুল হালিম (৩৫), মো. নুরুল মোস্তফা (২৬), জালাল আহমদ (৬০) এবং মো. নুরুল আমিন (৫০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, একটি কোম্পানির ম্যানেজারের নির্দেশে তারা কর্ণফুলী নদী ও এর আশপাশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বাংলাবাজার ঘাটের দিকে নিয়ে যাচ্ছিলেন। তদন্তে জানা গেছে, গ্রেপ্তার আরিফুল ইসলাম চট্টগ্রামের জোরারগঞ্জ থানার একটি হত্যা মামলার আসামি এবং আব্দুল হালিমের বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া থানায় দুটি ডাকাতি ও তিনটি মাদক মামলা রয়েছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এভাবে চোরাই ডিজেলের ব্যবসা চালিয়ে আসছিল। এ ঘটনায় সদরঘাট নৌ থানার এসআই মো. মোজাম্মেল হোসেন বাদী হয়ে চট্টগ্রাম নগরের বন্দর থানায় আটক ছয়জনসহ অজ্ঞাতনামা আরও এক-দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।