নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে। তারা আর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না।
শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘শিগগিরই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তাদের কৃতকর্মের জন্য দল হিসেবেই বিচার হবে।’
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেই উত্তাল সময়ে তারেক রহমানের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করে অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হই। এটি পর্দার অন্তরালের কথা।’
এসময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, ‘আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে বসে গণতান্ত্রিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জুলাইয়ের চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করে। চেতনা বিক্রি করা ভালো নয়, যারা এমনটি করবে তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।’
আগামীর বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রত্যাশা অনেক উল্লেখ করে তিনি ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে ধৈর্য ধরতে হবে। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।’
‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’র যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।