এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে শনিবারের (৪ জুলাই) পরীক্ষায় সারাদেশে অনুপস্থিত ছিলেন ২৭ হাজার ৩২৭ জন শিক্ষার্থী।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, আজ ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডে আলিমের আরবি প্রথম পত্র ও সাহিত্য এবং কারিগরি বোর্ডে এইচএসসি ইংরেজি-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদেশের ৮টি কেন্দ্র বাদে দেশের ২ হাজার ৬৯১টি কেন্দ্রে সুষ্ঠুভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৩০ হাজার ৮০৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ৩ হাজার ৪৭৯ জন। বহিষ্কার হওয়া ১৭ জন শিক্ষার্থীর মধ্যে মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ ৭ জন, কারিগরি বোর্ডে ৩ জন এবং সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ৭ জন পরীক্ষার্থী রয়েছেন।
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে (ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ) মোট ১ হাজার ৬২০টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৮ লাখ ৬০ হাজার ৭৬৪ জন। এর মধ্যে ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন পরীক্ষায় অংশ নিয়েছেন এবং ১৯ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে এবং জালিয়াতি রোধে বোর্ডগুলোর পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।