আগামী বছরের শুরুতে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিএনপিকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০১৬ সালের পর দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কেন্দ্রীয় কাউন্সিল এবং মেয়াদোত্তীর্ণ অঙ্গ-সংগঠনগুলোর কমিটি গঠনের মাধ্যমে দলে নতুন গতি সঞ্চারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি গুলশানে বিভিন্ন ইউনিটের নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন। তার মূল লক্ষ্য হলো—অভ্যন্তরীণ কোন্দল নিরসন, দুর্বল কমিটিগুলোর গতিশীলতা ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন। বৈঠকে উপস্থিত নেতারা জানান, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে, প্রেস রিলিজে কমিটি গঠনের পরিবর্তে এখন থেকে কাউন্সিলে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনকে গুরুত্ব দেওয়া হবে। দলের নীতিনির্ধারণী সূত্রের তথ্যমতে, আগস্ট মাস থেকে পর্যায়ক্রমে মাঠ পর্যায়ে পুনর্গঠন কাজ শুরু হতে পারে, যা চূড়ান্তভাবে আগামী বছরের জাতীয় কাউন্সিলকে সফল করতে সহায়ক হবে।