রাজধানীর মোহাম্মদপুর থানার গজনবী রোড এলাকা থেকে দেশীয় পিস্তলসহ মো. টিপু (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার টিপু জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী ‘চুয়া সেলিম’-এর ম্যানেজার হিসেবে কাজ করতেন।

সোমবার (৬ জুলাই) র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মেজর এম মুবীন রহমান তাপস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গজনবী রোড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে কয়েকজন অপরাধী অবস্থান নিয়েছে। এই সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টিপুকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার টিপু স্বীকার করেছেন যে, তিনি বর্তমানে জেনেভা ক্যাম্প কেন্দ্রিক অপরাধচক্রের অন্যতম নিয়ন্ত্রক চুয়া সেলিমের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।