মেক্সিকোতে বন্যা পর্যবেক্ষণকারী নৌবাহিনীর একটি টহল দলের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাল্টা অভিযানে ১০ হামলাকারী নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, গত সপ্তাহের শেষের দিকে দেশটির সিনালোয়া রাজ্যে বন্যা পর্যবেক্ষণের কাজে নিয়োজিত নৌবাহিনীর সদস্যদের ওপর বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে অতর্কিত হামলা চালানো হয়। বর্ষা মৌসুমের আগে জনসাধারণকে সতর্ক করতে নৌবাহিনীর সদস্যরা নদী ও বাঁধের পানির স্তর পর্যবেক্ষণ করছিলেন। এ সময় হামলাকারীরা তাদের ওপর চড়াও হয়।
পরবর্তীতে এল রোসারিও পৌরসভায় হামলাকারীরা দ্বিতীয়বার হামলার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করে। এই ধারাবাহিক অভিযানে ১০ হামলাকারী নিহত এবং আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম হামলায় নৌবাহিনীর তিন সদস্য আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। বাকি দুজন বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
নৌবাহিনী জানিয়েছে, ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরুর জন্য গ্রেপ্তারকৃত তিন সন্দেহভাজনকে প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।