ভেনেজুয়েলায় গত মাসের শেষে আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে তৈরি হয়েছে নতুন আতঙ্ক।

মঙ্গলবার (৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ জানান, সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী ভূমিকম্পে ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং অন্তত ১৭ হাজার ৮৫৪ জন বাস্তুচ্যুত হয়েছেন। কারাকাস ও লা গুয়াইরা উপকূলীয় অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে ১২ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। গত ২৪ জুন আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে দেশটিতে প্রায় ৬০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

দুর্যোগকবলিত এলাকাগুলোতে এখন প্রকট স্বাস্থ্যসংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বাস্তুচ্যুত মানুষরা জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রে বিশুদ্ধ পানির সুবিধা ছাড়াই মানবেতর জীবনযাপন করছেন। চিকিৎসাবিহীন আঘাতের পাশাপাশি সংক্রামক রোগের বিস্তার ঘটছে। দেশটির বর্তমান স্বাস্থ্যব্যবস্থা এই বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।

কারাকাসের হোসে গ্রেগোরিও হার্নান্দেজ হাসপাতালের ট্রমা ইউনিটের প্রধান ইউজেনিয়ো কোভা জানান, দুর্যোগকবলিত পরিবেশে দীর্ঘসময় থাকায় মানুষের মধ্যে সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেড়ে গেছে। লা গুয়াইরা অঞ্চলের আশ্রয়কেন্দ্রগুলোতে ইতিমধ্যেই ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।