‘২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ ভোটের মাধ্যমে জুলাই সনদকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু সরকার গঠন করে বিএনপি সেই সনদ অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা ও জাতির সঙ্গে গাদ্দারি করছে। অনতিবিলম্বে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বিগত ফ্যাসিস্ট সরকারকে যেভাবে মানুষ বিদায় করেছে, সেভাবেই তারা এই সরকারেরও পতন ঘটাবে।’

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা এনসিপি এই পদযাত্রা ও পথসভার আয়োজন করে।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কার কী ভূমিকা ছিল, তা দেশের মানুষ ভালোভাবেই জানেন। যারা গণঅভ্যুত্থানের পর লন্ডন বা শিলং থেকে এসে নেতৃত্ব দাবি করছেন, তাদের প্রতি আহ্বান—আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, তবে নেতৃত্বের দাবি থেকে সরে আসুন। জাতীয়তাবাদের নামে ব্যবসা ও সীমান্ত হত্যা বন্ধ করার পাশাপাশি বিদ্যুতের ঘাটতি পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও সংস্কার বাস্তবায়নের দাবি জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে চিফ হুইপ বলেন, ‘যিনি নিজের এলাকা থেকেই মাদক নির্মূল করতে পারছেন না, তিনি কীভাবে সারা দেশ থেকে মাদক নির্মূল করবেন? কীভাবে আইনশৃঙ্খলার উন্নতি করবেন?’ তিনি শহীদ হাদি ও কালীগঞ্জের ওমর ফারুকসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের হত্যার বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।

গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক এমএম শোয়াইবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ইমনের সঞ্চালনায় এই কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী ৬৪টি জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করা হয়।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, ঢাকা বিভাগীয় আহ্বায়ক সাইফুল্লাহ হায়দার, গাজীপুর জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার আল আমিন, যুগ্ম সদস্য সচিব ওয়াদুদ খন্দকার, প্রভাষক আফরিনা আক্তার এবং জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।