বাংলাদেশ সেনাবাহিনীর চলমান গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করে তিনি সরাসরি সেনাসদস্যদের প্রশিক্ষণের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে সামগ্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (Verbal Order) মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ (Raid) মহড়া প্রত্যক্ষ করেন। তিনি যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল ও সমরাস্ত্রের ব্যবহার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় সেনা বাঙ্কারে নেমে অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে কৌশলগত বিষয়ে মতবিনিময় করেন তিনি। এমনকি ছদ্মবেশে থাকা সেনাসদস্যদের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে তাদের উৎসাহ প্রদান করেন।

একপর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। মাঠপর্যায়ে সরকারপ্রধানের উপস্থিতি সেনাসদস্যদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

সেনাসদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গৌরবময়।” তিনি পেশাদার প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।