২০২৬ ফিফা বিশ্বকাপে রেফারিং বিতর্ক এবং লিওনেল মেসিকে ঘিরে চলমান সমালোচনার মুখে এবার সরাসরি মুখ খুলেছেন ফুটবলের স্পষ্টভাষী তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। আর্জেন্টিনাকে নিয়ে চলা বিতর্কের জবাব দিতে গিয়ে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থকদের তীব্র সমালোচনা করেছেন।
শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়ের পর থেকে ভিএআর ও রেফারিং নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করেন ইব্রাহিমোভিচ। তিনি বলেন, “আগে কখনো রেফারিং বা প্রতিযোগিতার ন্যায্যতা নিয়ে এতো কথা হয়নি। কিন্তু মেসি এবং তার সাফল্যের কারণেই এখন এসব বিষয়কে সামনে আনা হচ্ছে। মেসিকে লক্ষ্য করেই মূলত এই সমালোচনাগুলো করা হচ্ছে।”
মেসি ও রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথা বলতে গিয়ে সুইডিশ এই কিংবদন্তি রোনালদোর সমর্থকদের সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি মন্তব্য করেন, “ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তরা খুবই আবেগপ্রবণ। তারা কোনোভাবেই মেসিকে মেনে নিতে পারে না।”
‘মার্কা’-এর প্রতিবেদন অনুযায়ী, ইব্রাহিমোভিচের এই মন্তব্যের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও রোনালদো সমর্থকদের মধ্যে নতুন করে উত্তপ্ত তর্কের সৃষ্টি হয়েছে। ইব্রাহিমোভিচের এই সরাসরি অবস্থান ফুটবল বিশ্বে দুই মহাতারকার ভক্তকুলের মধ্যকার চিরস্থায়ী প্রতিদ্বন্দ্বিতাকে আরও উসকে দিয়েছে।