কিশোরগঞ্জের নিকলী হাওর ও ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি ও গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটক ও এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর রোববার (১২ জুলাই) সকালে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন শফিকুল ইসলাম তুলু (২৯)। গাজীপুরের কাপাসিয়া থেকে আসা ২৫ সদস্যের পর্যটক দলের এই সদস্য শুক্রবার বিকেলে নৌকার ইঞ্জিন বিকল হলে পানিতে গোসল করতে নেমে তলিয়ে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার থেকে উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পায়নি। রোববার ভোর ৬টার দিকে স্থানীয়রা হাওরের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে তার মরদেহ উদ্ধার করেন। নিহত শফিকুল কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
অন্যদিকে, পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কৃষক সিরাজ মোড়ল (৪৫)-এর মরদেহও রোববার সকালে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ঘাস কেটে ফেরার পথে নৌকাডুবিতে তিনি নিখোঁজ হন। দুই দিনব্যাপী ফায়ার সার্ভিসের তল্লাশিতেও তাকে পাওয়া যায়নি। অবশেষে রোববার সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শ্রীপুরের বরমী এলাকা থেকে স্থানীয়রা তার ভাসমান মরদেহ উদ্ধার করেন। নিহত সিরাজ মোড়ল বাহাদিয়া মোড়ল বাড়ির মৃত রইছ উদ্দিনের ছেলে।
পৃথক দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এবং পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান। উদ্ধারকৃত মরদেহগুলো আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।