বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের প্রতীকী ‘গায়েবানা জানাজা’ আদায় করেছেন একদল শিক্ষার্থী। একই সঙ্গে তারা এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম নগরের ষোলশহরে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় তারা পরীক্ষা পেছানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হলে বন্যাকবলিত এলাকার পরীক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা।
কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে শিক্ষামন্ত্রীর ‘গায়েবানা জানাজা’ আদায় করেন। পরে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।