বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরেই বিনোদন পাড়ায় চলছে তীব্র বিতর্ক ও গুঞ্জন। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি মুখ খুলেছেন এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, গত ৫ জুলাই মুম্বাইয়ের পালী হিলের বাসভবনে গৌরী স্প্র্যাটকে তিনি বিয়ে করেছেন। এটি তার তৃতীয় বিয়ে। বিয়েটি কোনো ধর্মীয় রীতিনীতিতে নয়, বরং ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’ বা বিশেষ বিবাহ আইনের আওতায় সম্পন্ন হয়েছে।

আমির খান বলেন, ‘গৌরী, কিরণ বা রিনা—কেউই বিয়ের জন্য নিজেদের ধর্ম পরিবর্তন করেননি। আমাদের বিয়ে হয়েছে সিভিল ম্যারেজের মাধ্যমে। তাছাড়া গৌরী হিন্দু নন, তিনি একজন খ্রিস্টান। আবার তিনি ধর্মীয় আচারও তেমনভাবে পালন করেন না। সময়ের সঙ্গে সঙ্গে জীবনটা যেন এখন আরও হাস্যকর হয়ে উঠছে।’

আমির খানের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে ছিল। ১৯৮৬ সালে তিনি প্রথম বিয়ে করেন রিনা দত্তকে। দীর্ঘ ১৬ বছর সংসার করার পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে নতুন করে সংসার পাতেন আমির। ২০২১ সালে আমীর ও কিরণ বিচ্ছেদের ঘোষণা দিলেও, তাদের একমাত্র ছেলে আজাদের যৌথ অভিভাবকত্বের দায়িত্ব এখনও দুজনেই পালন করছেন।

উল্লেখ্য, গত ৫ জুলাই অত্যন্ত ঘরোয়া পরিবেশে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে তাকে ঘিরে নানা গুঞ্জন শুরু হয়, যার জবাবই দিলেন এই অভিনেতা।