বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া ও ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা কর্মসূচি শেষ করে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে থেকে সরে যাওয়ার পর সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থী এ কে এম রিয়াজুল জানান, আগামীকাল পরীক্ষা থাকায় তারা আজকের মতো কর্মসূচি স্থগিত করেছেন। তবে তাদের দাবিগুলো বহাল থাকবে বলে তিনি জানান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় অবস্থিত। নিরাপত্তার স্বার্থেই আমরা সড়কটি সাময়িকভাবে বন্ধ রেখেছিলাম। শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়হীনতার কারণে তারা নিজেরাই সড়ক ছেড়ে চলে যায়। এরপরই আমরা ব্যারিকেড সরিয়ে যানবাহন চলাচলের পথ উন্মুক্ত করে দেই।’
আন্দোলনে বহিরাগতদের উপস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আন্দোলনে ছাত্র ছাড়া অন্য কেউ প্রবেশ করেছে কি না, তা আমরা যাচাই করতে পারিনি। পর্যাপ্ত তথ্য-প্রমাণ ছাড়া এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।’
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান রাখার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
সড়ক খুলে দেওয়ায় ওই এলাকায় দীর্ঘক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।