গাজীপুরের টঙ্গীতে ফ্ল্যাট সংক্রান্ত বিরোধের জেরে নুর আলম শিপন (৪৮) নামে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনকে আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই) ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে থানায় এ মামলাটি করেন। অভিযুক্তরা হলেন—কামরুজ্জামান মুন্না (৫৫), কায়েস (৩০), মাসুদ (৪৫), মাসুম (২০), কাইয়ুম (২৫), জোসনা (৪০), মুন্নি (৩৮), নোমান (৩৫), রাজু মাস্টার (৪৫) ও আজিজ (৫৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যবসায়ী শিপন অভিযুক্ত কামরুজ্জামান মুন্নার মাধ্যমে স্থানীয় মধুমিতার তিনতলা মসজিদ এলাকার তুরাগ হাউজিংয়ে একটি ফ্ল্যাট ক্রয় করেন। ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও মুন্না ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তালবাহানা করে আসছিলেন। এক পর্যায়ে তারা ওই ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার বিনিময়ে শিপনের কাছে অতিরিক্ত টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে ব্যবসায়ী শিপনের ওপর লোহার রড ও এসএস পাইপ নিয়ে অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। হামলায় শিপন গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা তার কাছে থাকা নগদ টাকাও ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগীর অভিযোগ, এর আগেও গত ১০ জুলাই অভিযুক্তরা তার ওপর হামলা চালিয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা নথিভুক্ত হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।