বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সোমবার (২০ জুলাই) ফের ৯০ ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪১ মিনিটে ব্রেন্ট ক্রুডের আগাম দাম বেড়েছে। সেপ্টেম্বর মাসের সরবরাহের জন্য চুক্তিবদ্ধ এই তেলের দাম ২ দশমিক শূন্য ৯ ডলার বা ২ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে। এটি গত ১১ জুনের পর তেলের সর্বোচ্চ দাম। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৫ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, যা এপ্রিল মাসের পর এক সপ্তাহে সর্বোচ্চ।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৭১ ডলার বা ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে। এটি গত ১২ জুনের পর সর্বোচ্চ। আগস্ট মাসের সরবরাহের জন্য চুক্তিবদ্ধ ডব্লিউটিআই ক্রুডের দাম গত সপ্তাহে ১৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে, যা মার্চ মাসের পর এক সপ্তাহে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অবনতি সম্পর্কে বাজার বিশ্লেষণকারী সংস্থা আইএনজি তাদের প্রতিবেদনে জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং উভয় পক্ষেই প্রাণহানি ঘটছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার পর থেকেই এই সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র টানা নয় রাত ইরানে হামলা চালিয়েছে এবং কুয়েত ও বাহরাইন জানিয়েছে তারাও নতুন করে ইরানের হামলার মুখে পড়েছে।
বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা নিয়ন্ত্রণে না এলে পুরো উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে, যা জ্বালানি তেলের বাজারকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।