যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্য অনুযায়ী, ইরানে টানা একাদশ রাতেও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের চলাচলে ইরানের হুমকি সৃষ্টির সক্ষমতা কমিয়ে আনার জন্যই এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন বিমান হামলায় ইরানের সামরিক অপারেশন কেন্দ্র, নৌঘাঁটি, যুদ্ধবিমানের হ্যাঙ্গার, ড্রোন গুদাম এবং সামরিক রসদ সরবরাহের অবকাঠামো মূলত টার্গেট করা হয়েছে। মার্কিন দাবিমতে, গত তিন মাসে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ৩০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। মে মাসের শুরু থেকে মার্কিন বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ এবং ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিরাপদে পারাপারে সহায়তা করেছে বলে জানিয়েছে সেন্টকম।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আইনপ্রণেতাদের জানিয়েছে, চলমান এই সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক যুদ্ধ ব্যয় প্রায় ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হুংকার দিয়ে বলেছেন, ইরানের সন্দেহভাজন ও গভীরভাবে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ (Pickaxe Mountain)-এ খুব শিগগিরই অত্যন্ত শক্তিশালী হামলা চালানো হতে পারে।

এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তেহরান হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের আক্রমণ চালানো হলে তা মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতকে আরও বহুগুণ বিস্তৃত করবে।