টাঙ্গাইলের মধুপুরে আনিকা আক্তার (১৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিজ ঘরের তীরের (ধর্না) সাথে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উপজেলার কুড়ালিয়া গ্রামে। নিহত আনিকা ওই গ্রামের সজীব আহমেদের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি আনিকা কাউকে না জানিয়ে পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলায় চলে যান। পরবর্তীতে শ্বশুরবাড়ির লোকজন তাকে খুঁজে এনে বাড়িতে রাখেন। এরপর থেকেই তিনি কিছুটা মনমরা ও চুপচাপ ছিলেন। ঘটনার দিন দুপুরে শাশুড়ি তাকে খাওয়ার জন্য ডাকতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙে ওড়না কেটে দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে তিনি এই পথ বেছে নিয়েছেন, তার সঠিক কারণ এখনও জানা যায়নি।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, অপমৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।