ঝিনাইদহ-১ উপনির্বাচনে আ.লীগের প্রার্থী নায়েব আলী

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে মো. নায়েব আলী জোয়ারদারকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য।

শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেন। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, আমাদের দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য মো. নায়েব আলী জোয়ারদার।

ঝিনাইদহ-১ আসনের সংসদ-সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ১৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে আসনটি ওইদিনই শূন্য হয়।

এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জুন। মনোনয়ন পেতে দলটির ২৫ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তাদের মধ্য থেকে মো. নায়েব আলী জোয়ারদারকে নৌকার প্রার্থী করল আওয়ামী লীগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button