

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় ডাম্প ট্রাকের চাপায় আক্কাস আলী খলিফা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা দুটি ডাম্প ট্রাকে আগুন দেয়।
মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার বিড়ালদহ মাজারের কাছে একটি দ্রুতগামী ডাম্প ট্রাকের চাপায় ঘটনাস্থলেই আক্কাস আলী খলিফার মৃত্যু হয়। তিনি চারঘাট থানাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ রাজশাহী-নাটোর মহাসড়কে নেমে আসেন। বিক্ষুব্ধ জনতা দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়ি দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় উত্তেজিত জনতা পুলিশকে ঘটনাস্থলে আসতে বাধা দেয় এবং দীর্ঘক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকের আগুন নেভায়।
পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আইনগত ব্যবস্থা নেওয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




