মশারি নিয়ে সিলেটের রাজপথে নগরবাসী

সিলেট প্রতিনিধি

মশার কামড়ে অতিষ্ঠ হয়ে মশারি নিয়ে রাজপথে নেমেছে সিলেট নগরবাসী। বুধবার (১৫ মে) দুপুরে তপ্ত রোদে নগরীতে মশারি মিছিল অনুষ্ঠিত হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এ মিছিলে দেখা যায়, দুটো মশারি টানিয়ে তার ভেতরে প্রতীকীভাবে মশা মারছেন ক্ষুব্ধ দুই নাগরিক।

এ সময় মাইক হাতে মশা দমনে ব্যর্থ সিটি করপোরেশনের সমালোচনা করে স্লোগান দিতে দেখা যায়। একইসঙ্গে মশা দমনে কার্যকর পদক্ষেপের দাবিও জানান তারা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি করপোরেশনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের বলেন, ভূতুড়ে এসেসমেন্ট করে হোল্ডিং ট্যাক্স ঠিক করা হয়েছে, কিন্তু মশার যন্ত্রণায় নগরবাসীর কয়েল খরচ হিসেব করবে কে? করসহ নানা অর্থ আদায়ে সিটি করপোরেশনের যতটা আগ্রহ, জনগণের সুবিধা প্রদানে ঠিক ততটাই অনাগ্রহ।

তিনি আরও বলেন, বর্তমান মেয়র নির্বাচিত হওয়ায় আমরা আশাবাদী হয়েছিলাম যে, জনগুরুত্বপূর্ণ বিষয়ে আর অর্থ সংকট হবে না। কিন্তু মশা নিধনে অর্থ সংকটের বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

সিটি করপোরেশনের মশার ওষুধ ছড়ানো বন্ধ করে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়ে তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে মশা নিধনে কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামবে নগরবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button