দিনভর আন্দোলনে ক্লান্ত ইবতেদায়ি শিক্ষকরা শীতের রাতেও রাস্তায়

নিজস্ব প্রতিবেদক:  জাতীয়করণের দাবিতে রাজধানীতে টানা নবম দিনের মতো অবস্থান কর্মসূচি করেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। দিনভর অবস্থান, স্লোগান, বিক্ষোভের পর ক্লান্ত-শ্রান্ত শরীর। এরপরও শীতের রাতে রাস্তায় পাতলা চট বিছিয়ে নিদারুণ কষ্টে আরও একটি দিনের আলো ফোটার অপেক্ষায় মানুষ গড়ার কারিগররা।

সোমবার (২৭ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরসংলগ্ন এলাকার একপাশে রাস্তায় অবস্থান করতে দেখা যায় ইফতেদায়ি মাদরাসার শিক্ষকদের। সারাদিনের আন্দোলনের ধকলে সবাই ক্লান্ত। কেউ কেউ ঝিমাচ্ছেন, কেউবা পাতলা কম্বল গায়ে জড়িয়ে রাস্তায় ঘুমিয়ে পড়েছেন।

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঢাকার রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে অনাহারে মরতেও প্রস্তুত তারা। তবুও দাবি আদায় না করে বাড়ি ফিরবেন না।

সিরাজগঞ্জ থেকে আসা শিক্ষক আজিবর মোল্ল্যা বলেন, আমরা আগেও জাতীয়করণের দাবি নিয়ে বহুবার আন্দোলন করেছি। মাদরাসার শিক্ষক, মাথায় টুপি, মুখে দাড়ি দেখে সরকার আমাদের গণহারে জামায়াত ট্যাগ দিয়ে হটিয়ে দিত। এখন আমাদের সন্তান,  নাতি-পুতিদের রক্তের ওপরে দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার এসেছে তারাও আমাদের সঙ্গে একই আচরণ করছে। নির্মমভাবে লাঠিপেটাও করেছে পুলিশ।

তিনি বলেন, যতই নির্যাতন-নিপীড়ন করা হোক না কেন, আমরা দাবি আদায় না করে ঘরে ফিরছি না। এবার হয় জীবন দেবো, নয়তো অধিকার আদায় করে পরিবারের কাছে ফিরবো।

এদিকে, সোমবার নবম দিনে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে দাবি না মানলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button