তিন দিন পর কুমার নদে মিলল নিখোঁজ ভাই-বোনের মরদেহ

জেলা প্রতিনিধি,  মাদারীপুর: মাদারীপুরে কুমার নদে গোসলে নেমে নিখোঁজের তিন দিন পর ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার  (৮ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ও চর রুপাইয়া এলাকার কুমার নদের তীর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হচ্ছে উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, গোসল করতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে গত ৫ ফেব্রুয়ারি মাদরাসা থেকে এসেই পাশের কুমার নদীতে গোসলে যায় ভাই-বোন। দুপুর ১টার দিকে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি ডুবুরি দল। এরপর অভিযান বন্ধ রাখেন তারা। পরে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কুমার নদের থানতলি ও রাস্তি এলাকার কুমার নদীর তীরে শিশু দুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে মরদেহ দুটি উদ্ধার করেন।

দুই সন্তানের মরদেহ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা মিনোয়ারা বেগম। মরদেহ দেখে বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলো। আমি তো কোনো অন্যায় কাজ করি না। আমার দুই সন্তান সে কেড়ে নিল।’

মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button