

নিজস্ব প্রতিবেদক ১ জানুয়ারি ২০২৬
অতীতের ভুল ও তিক্ততা কাটিয়ে নতুন বছরে ছাত্র-জনতার সঙ্গে সরাসরি যোগাযোগ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই নতুন লক্ষ্য ও পরিকল্পনার কথা জানান।
মাহফুজ আলম সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লেখেন, “গত বছরের সব ভুল ও তিক্ততা শুধরে এ বছরে নতুন করে সম্পর্ক এবং রাজনীতি গড়ে তোলার বছর।”
তিনি আরও উল্লেখ করেন যে, সরকারে দায়িত্ব পালনের কারণে জুলাই অভ্যুত্থানের ছাত্র-জনতার জন্য বেশ কিছু কাজ করলেও, তাদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ সেভাবে হয়ে ওঠেনি। এই শূন্যতা পূরণে তিনি বলেন, “এ বছর সারা বাংলাদেশে ছাত্র-জনতার সঙ্গে মিশতে চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও দায়-দরদের সমাজ গড়ে তোলার কাজে মনোনিবেশ করতে চাই। আল্লাহ ভরসা।”
উল্লেখ্য, তিনি তার পোস্টের শেষে ‘#JusticeForShaheedOsmanHadi’ হ্যাশট্যাগটি ব্যবহার করে শহীদ ওসমান হাদির বিচার দাবি করেন।




