

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে চাঁদা না পেয়ে আমিন শরীফ (৫৫) নামে এক ব্যবসায়ী ও কৃষকদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। আমিন শরীফ ফরিদপুর মহানগর কৃষকদলের সহ-সভাপতি এবং শরীয়তুল্লা বাজারের আবাসিক হোটেল সিটি গার্ডেনের মালিক।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। আহত আমিন শরীফ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় রোববার রাতেই তার ছেলে মো. সরোয়ার শরীফ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হোটেল সিটি গার্ডেনের দ্বিতীয় তলার কাউন্টারে প্রবেশ করে। তারা আমিন শরীফের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা হোটেলের আসবাবপত্র ও সিসি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে।
হামলার একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে হোটেলের চতুর্থ তলার ছাদে নিয়ে যায়। সেখানে ১ নম্বর আসামি তমাল চাপাতি দিয়ে আমিন শরীফের মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকান। এতে তার বাম হাতের কবজি ও বাহু গুরুতর জখম হয়। ২ নম্বর আসামি মাহমুদ ছ্যানদা দিয়ে কোপ দিলে তার বাম হাতের কনুইয়ের ওপরে জখম হয়। অন্য সহযোগীরা তাকে রড ও পাইপ দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। যাওয়ার সময় তারা পকেট থেকে নগদ ২৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং দাবি করা চাঁদার টাকা না দিলে তাকে খুনের হুমকি দেয়।
ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে আমিন শরীফকে পরিকল্পিতভাবেহত্যার চেষ্টা করা হয়েছে। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মামলায় শহরের আলিপুর পাকিস্তান পাড়া এলাকার মৃত হিরু কসাইয়ের দুই ছেলে তমাল (৩০) ও মাহমুদকে (৩৫) নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা চিহ্নিত চাঁদাবাজ এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, মহানগর কৃষকদল নেতার ওপর হামলার ঘটনায় একটি এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



