মিশরীয় তারকার ১৪ মিনিটের হ্যাটট্রিকে ক্যাসলকে উড়িয়ে দিলো সিটি

স্পোর্টস ডেস্ক: জার্মান ক্লাবে একের পর একের গোলের নজির দেখিয়ে জানুয়ারির শীতকালীন দলবদলে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশ। ইতিহাদের নতুন ঠিকানায় প্রথম দুই ম্যাচে কোনো গোল না পেলেও, ঝলক দেখিয়েছেন নিজের তৃতীয় ম্যাচে। মাত্র ১৪ মিনিটের মাথায় তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেছেন। যাতে ভর করে নিউক্যাসলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি।

নিজেদের সর্বশেষ ম্যাচে পেপ গার্দিওলার দল ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে ৩-২ গোলে। ম্যাচটিতে শেষ মুহূর্তের ঝড় তাদের চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা কঠিন করে তুলেছে। সেই হতাশা কাটিয়ে নতুন শুরুর লড়াইয়ে ক্যাসলের বিপক্ষে বড় জয়ই পেল সিটি। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নতুন সাইনিং মারমুশ গোল করেছেন ১৯, ২৪ ও ৩৩ মিনিটে। জেমস ম্যাকাটি শেষ গোলটি করে সিটির হালি পূর্ণ করেন।

জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে চলতি মৌসুমের প্রথম ভাগে ২০টি গোল করেছেন মারমুশ। নতুন ঠিকানায় তৃতীয় ম্যাচে তিনি খেলতে নেমেছিলেন গতকাল। এদিন গার্দিওলা প্রথম একাদশে ছয়টি পরিবর্তন এনেছিলেন। ফলে বেঞ্চে স্থান হয়েছিল বার্নার্দো সিলভা ও কেভিন ডে ব্রুইনার মতো অভিজ্ঞদের। ম্যাচের শুরু থেকেই সফরকারী ক্যাসলের ওপর দাপট ছিল সিটির। শুরুর ১৫ মিনিটে ক্যাসল তেমন বলই পাচ্ছিল না। এরই মাঝে ইতিহাদের স্বাগতিক দর্শকরা উৎসবে মাতেন ১৯ মিনিটে।

সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের বাড়ানো বল হেড দিয়ে ক্লিয়ার করতে ব্যর্থ হন ক্যাসল ডিফেন্ডার। দুরন্ত গতিতে গিয়ে বক্সের মুখ থেকে নেওয়া শটে মারমুশ নিজের গোলের খাতা খোলেন। এ নিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ৬ গোলে অ্যাসিস্ট করলেন এডারসন। পাঁচ মিনিট পরই মারমুশ দ্বিতীয় গোল পেয়ে যান ইলকাই গুনদোয়ানের পাস থেকে। এরপর স্যাভিনিও’র অ্যাসিস্টে ৩৩তম মিনিটে হ্যাটট্রিকও পূর্ণ করেন ২৬ বছর বয়সী এই মিশরীয়।

সিটির দাপুটে খেলার বিপরীতে প্রথমার্ধে গোলের লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি ক্যাসল। ৬০ মিনিটে তারা প্রথম শট লক্ষ্যে রাখতে পারলেও, ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক। ম্যাচের আরও ১৪ মিনিট বাকি থাকতে হ্যাটট্রিক পূর্ণ করা মারমুশ ও ফিল ফোডেনকে তুলে নেন গার্দিওলা। বদলি নামাদের মধ্যে একজন জেমস ম্যাকাটি সিটির হয়ে ক্যাসলের জালে শেষ গোলটি করেন। ৮৪ মিনিটে আর্লিং হালান্ডের হেড থেকে আসা বল জালে জড়ান এই ইংলিশ মিডফিল্ডার। তাতেই সিটির বড় জয় নিশ্চিত হয়ে যায়।

এই জয়ে ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ইপিএল টেবিলের চারে অবস্থান করছে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। ২৫ ম্যাচে ৫৩ ও ৪৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল ও নটিংহ্যাম ফরেস্ট যথাক্রমে দুই-তিনে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button