শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে ৪ দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ-স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক: ঢাকা, ২৫ অক্টোবর ২০২৫: শনিবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে সম্প্রতি ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডে কোনো অব্যবস্থাপনা বা নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে অস্ট্রেলিয়া, চীন, তুরস্ক ও ইংল্যান্ডের বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হচ্ছে। তারা শীঘ্রই বাংলাদেশে আসবেন।

উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “তারা মাঠপর্যায়ে তদন্ত করে আগুন লাগার কারণ জানাবেন। অগ্নিকাণ্ডটি প্রাথমিকভাবে একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, পরবর্তীতে সব মিলিয়ে ৩৮টি ইউনিট একযোগে কাজ করে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে আমাদের সময় লেগেছে।”

উপদেষ্টা আরও বলেন, রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের সুবিধার্থে ই-গেট শিগগিরই চালু করা হবে। রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানো ও অন্যান্য প্রক্রিয়া আরো কিভাবে সহজ করা যায় সে চেষ্টা করা হচ্ছে।”

গত ১৮ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রেরিত একটি প্রজ্ঞাপনে বিমান বাহিনী অতি দ্রুততম সময়ে এয়ারপোর্টের সমস্ত দায়-দায়িত্ব বেসামরিক প্রশাসনকে বুঝিয়ে দিয়ে চলে যাবে। এটা কবে যাবে? বাসসের এ প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না।

এসময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button