পাটের ব্যাগ প্রচলনের বিষয়টি বাস্তবায়নে সরকার কাজ করছে

নিজেস্ব প্রতিবেদক: বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, পাটের ব্যাগ প্রচলনের বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে। পাটব্যাগ বাজারে সহজলভ্য করতে উদ্যোগী সরকার।

সোমবার (১৮ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজনে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিতে ঢাকা মহানগরের বিভিন্ন বাজারের সভাপতি বা সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, ‘পাট ব্যাগকে আমরা সহজলভ্য ও কম মূল্যে বাজারে আনতে চাই। এর সুবিধা হলো এ ব্যাগ পুনরায় ব্যবহার করা যায়, সাশ্রয়ী এবং পরিবেশ উপযোগী। এর বিপণন সহজ করতে আপনারা ভূমিকা রাখেন। এ ব্যাগ কীভাবে বেশি বিপণন করা যায়, কী ধরনের সাইজ হবে- তা আপনাদের কাছে পরামর্শ চাইছি।’

মতবিনিময়কালে বাজারগুলোর প্রতিনিধিরা পাটব্যাগ সরবরাহ নিশ্চিত করা ও কম দামে ব্যাগের চাহিদার কথা জানান। একইসঙ্গে পলিথিন ব্যাগ উৎপাদন রোধের পক্ষে মত দেন।

এসময় উত্তরা-বাড্ডা কাঁচাবাজার সভাপতি আব্দুল হালিম বলেন, ‘বিভিন্ন সাইজের ব্যাগের সরবরাহ দিতে হবে। এজন্য ডিলার রাখলে তা (পাটব্যাগ) পাওয়া সহজ হবে।’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ সভাপতির বক্তব্যে বলেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ বাস্তবায়নের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় দেশব্যাপী পলিথিনের বিকল্প হিসেবে পাটব্যাগ প্রচলন করতে উদ্যোগী ভূমিকা রাখছে। সে লক্ষ্যে আমরা উপদেষ্টার নির্দেশে কাজ করছি।’

এসময় আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান ও মো. সেলিম খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের মহাপরিচালক জিনাত আরা, টিসিবির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অন্যান্য প্রতিনিধিসহ ঢাকা মহানগরের বাজারগুলোর প্রতিনিধিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button