লিথুয়ানিয়ায় হঠাৎ নিখোঁজ ৪ মার্কিন সৈন্য, চলছে জোর তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক: বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়ায় চার মার্কিন সেনা নিখোঁজ হয়েছেন। নিয়মিত প্রশিক্ষণ মহড়ার সময় তারা নিখোঁজ হয়ে যান বলে সামরিক কর্মকর্তারা বুধবার (২৬ মার্চ) জানিয়েছেন।

তাদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েচে বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম সিএনএন।

মার্কিন সেনাবাহিনীর ইউরোপ ও আফ্রিকা কমান্ডের জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, নিখোঁজ সৈন্যদের সন্ধানে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসের কাছে পাব্রাডে বর্তমানে বহুজাতিক অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।

এক বিবৃতিতে দপ্তর জানিয়েছে, নিখোঁজ হওয়ার সময় ওই সৈন্যরা — যারা সবাই ৩য় পদাতিক ডিভিশনের ১ম ব্রিগেডের — সামরিক এলাকায় নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছিলেন।

ভি কর্পসের কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল চার্লস কোস্টানজা বলেছেন, “আমি ব্যক্তিগতভাবে লিথুয়ানিয়ান সশস্ত্র বাহিনী এবং প্রথম প্রতিক্রিয়াকারীদের ধন্যবাদ জানাতে চাই যারা দ্রুত আমাদের অনুসন্ধান অভিযানে আমাদের সাহায্যে এগিয়ে এসেছিলেন।”

তিনি আরও বলেন, “এই ধরনের দলবদ্ধতা এবং সমর্থন আমাদের অংশীদারিত্ব এবং মানবতার গুরুত্বকে উদাহরণ হিসেবে সামনে আনে যে— আমরা আমাদের কাঁধে কোন পতাকা রাখি তা বিবেচনা করে না।”

সামরিক কর্মকর্তারা নিখোঁজ সৈন্যদের পরিচয় প্রকাশ করেননি। অন্যদিকে তদন্তকারীরা কোন পরিস্থিতিতে তারা নিখোঁজ হয়েছেন তা পরীক্ষা করে দেখছেন।

আনাদোলু বলছে, রাশিয়া এবং বাল্টিক সাগরের মাঝখানে অবস্থিত প্রায় ১৯ লাখ জনসংখ্যার একটি ছোট দেশ লিথুয়ানিয়া। এই দেশটিতে মার্কিন বাহিনী নিয়মিতভাবে সামরিক জোট ন্যাটোর মিত্রদের সাথে যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশগ্রহণ করে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button