“মিথ্যা অভিযোগ, অপপ্রচার চালানো হচ্ছে” — টঙ্গীতে সংবাদ সম্মেলনে মনোয়ার হোসেন খোকন

প্রতিনিধি: মোঃ পাপেল মিয়া: গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় নিজ বাড়িতে শনিবার সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন খোকন। সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে ওঠা জমি দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন — এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

মনোয়ার হোসেন খোকন বলেন, “আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমার নিজের ভাইকে সামনে এনে আমাকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। আমি কোনো জমি দখল করিনি। উক্ত জমি ক্রয়সূত্রে আমার ছেলে অন্তরের মালিক, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন।”

অন্যদিকে, খোকনের চাচাত ভাই মামুন মিয়া অভিযোগ করেন যে, খোকন তার ছোট ছেলেকে অপহরণের চেষ্টা করেছেন। মামুন বলেন, “আমি থানায় অভিযোগ করেছি, কিন্তু এখনো কোনো প্রতিকার পাইনি।”

তবে খোকন এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, “এটি শুধুমাত্র আমাকে হেয় করার জন্য গড়া গল্প। আমি চাই সমাজে সত্য প্রকাশ হোক এবং মিথ্যা অপপ্রচার বন্ধ হোক।”

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সময়ে পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে ও তার পরিবারকে হয়রানি করছে।

এলাকাবাসীর একাংশ জানান, এটি মূলত পারিবারিক জমি বিরোধের জের। একজন স্থানীয় প্রবীণ বলেন, “বিষয়টি আদালতের রায়াধীন, তাই কাউকে অপরাধী বানানো ঠিক নয়।”

আরেকজন স্থানীয় যুবক জানান, “খোকন ভাই সবসময় অসহায়দের পাশে থাকেন। তার জনপ্রিয়তাই কিছু প্রতিপক্ষের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে।”

মনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পূর্বে দায়ের করা কিছু মামলার অধিকাংশই প্রমাণের অভাবে ঝুলে আছে। প্রশাসন এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button