

আন্তর্জাতিক ডেস্ক | ১৯ জানুয়ারি, ২০২৬
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে গত বছর ইতিহাসের সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে। এই নিয়ে টানা চার বছর দেশটির মোট জনসংখ্যা সংকুচিত হলো। জনসংখ্যা হ্রাসের এই প্রবণতা আগামী কয়েক দশকে দেশটির জন্য গভীর অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালে দেশটিতে প্রতি এক হাজারে জন্মহার কমে দাঁড়িয়েছে মাত্র ৫ দশমিক ৬৩ শতাংশে। ২০২৩ সালে এই হার ছিল ৬ দশমিক ৩৯ শতাংশ। ২০২৪ সালে জন্মহার সামান্য বাড়লেও সর্বশেষ পরিসংখ্যান বলছে, সেটি ছিল নেহাত একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’।
গত এক বছরের তথ্য অনুযায়ী: নতুন জন্ম: ৭৯ লাখ ২০ হাজার শিশু। মৃত্যু: ১ কোটি ১৩ লাখ ১০ হাজার মানুষ। নিট জনসংখ্যা হ্রাস: ৩৯ লাখ।
জনসংখ্যা উদ্বেগজনকভাবে কমলেও ২০২৫ সালে চীনের অর্থনীতির পরিধি ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে দেশটি তাদের নির্ধারিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, কর্মক্ষম জনশক্তি কমে যাওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়া দীর্ঘমেয়াদে দেশটির উৎপাদনশীলতা ও পেনশন ব্যবস্থায় বড় চাপ সৃষ্টি করবে।
উল্লেখ্য যে, চীন সরকার জন্মহার বাড়াতে দম্পতিদের জন্য বিভিন্ন প্রণোদনা এবং নীতিগত সহায়তা দিলেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ক্যারিয়ার নিয়ে সচেতনতার কারণে তরুণ প্রজন্মের মধ্যে সন্তান নেওয়ার আগ্রহ ক্রমাগত কমছে।
সূত্র: সিএনএন




