

ভোলা প্রতিনিধি | ১৯ ডিসেম্বর ২০২৫
স্থানীয় সূত্রে জানা যায়, লালমোহন উপজেলার ডাঃ আজাহার উদ্দিন রোড থেকে ধলীগৌরনগরের চতলা বাজার পর্যন্ত ৮৫০ মিটার সড়ক সংস্কারের কাজ শুরু হয় প্রায় এক বছর আগে। কাজটি গত জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার যথাসময়ে কাজ না করে দীর্ঘদিন উধাও ছিলেন। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হঠাৎ রোলার নিয়ে এসে পুরাতন যৎসামান্য ইট ও মাটির ওপর রোলার দিয়ে ফিনিশিং করে সেই মাটির মধ্যেই পিচের কাজ শুরু করা হয়।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় বাসিন্দা আঃ রহিম মিস্ত্রি, মোঃ ছিদ্দিক, ফিরোজ ও মাস্টার মনিরসহ এলাকাবাসী জানান, রাস্তায় নতুন ইট ও খোয়া দেওয়ার জন্য ঠিকাদারকে অনুরোধ করা হলেও তিনি কোনো কর্ণপাত করেননি। দায়িত্বরত ঠিকাদারের ধীরগতি ও অনিয়মের কারণে দীর্ঘদিন ধরে যানবাহন চালক, পথচারী ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ বিষয়ে উপজেলা এলজিইডির ইঞ্জিনিয়ারকে বারবার জানিয়েও কোনো প্রতিকার মেলেনি বলে তাদের অভিযোগ।
ঠিকাদার বলেন, অনিয়মের বিষয়ে জানতে ঠিকাদার মাকসুদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বলেন, “আমার কোনো বক্তব্য নাই, অফিসের সাথে কথা বলেন।” পরে তিনি দাবি করেন, কাজের মধ্যে কোনো ভুল বা ত্রুটি নেই।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের জিওবি ম্যানটেনেন্সের আওতায় এই সড়ক সংস্কারে ৫১ লাখ ৯৪ হাজার ৯৩৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। লালমোহন উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. রাসেল জানান, “ঠিকাদার অফিসের সাথে যোগাযোগ না করে কীভাবে কাজ শুরু করেছেন তা আমাদের জানা নেই। আমরা কাল সরাসরি মাঠে গিয়ে বিষয়টি দেখবো এবং ঠিকাদারের সাথে যোগাযোগ করবো।”




