গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসক গোল্ডকাপে বাসন জোন চ্যাম্পিয়ন

মোঃ পাপেল মিয়া, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর টানটান উত্তেজনার ফাইনালে কোনাবাড়ী জোনকে হারিয়ে শিরোপা জিতেছে বাসন জোন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ৩টায় গাজীপুরের হিমারদীঘি মেঘনা মিল সংলগ্ন ব্যাংকের মাঠে এই মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়।

৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসন জোন ২-০ গোলে কোনাবাড়ী জোনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা চলাকালীন মাঠের চারপাশ ছিল কানায় কানায় পূর্ণ। উৎসবমুখর পরিবেশে হাজারো স্থানীয় দর্শকের উপস্থিতি পুরো এলাকায় এক আনন্দঘন আবহ তৈরি করে। ম্যাচটিতে চমৎকার ধারাবর্ণনায় ছিলেন এন আই বাবু ও উসমানগনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি স্থানীয় তরুণ সমাজ ও ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button