কুড়িগ্রামে নিজের রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্তে নিজের রাইফেলের গুলিতে মো. নাসিম উদ্দিন (২৩) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গংগারহাট বিওপি ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত নাসিম উদ্দিন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে সিপাহী হিসেবে দায়িত্বরত ছিলেন (সিপাহী নং- ১১৪৬০৪)। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের পুত্র।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, ঘটনার রাতে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম পরে নিজের নামে বরাদ্দকৃত অস্ত্র বুঝে নেন নাসিম উদ্দিন। এর কিছুক্ষণ পর ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতর গুলির শব্দ শোনা যায়। সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ওই বিজিবি সদস্য মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। তবে পুরো বিষয়টি বিস্তারিতভাবে অনুসন্ধান করা হচ্ছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শুক্রবার (২ জানুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button