বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট: অভিযুক্ত যুবলীগ নেতার ছেলে

জেলা প্রতিনিধি | বরিশাল ২ জানুয়ারি ২০২৬

বরিশাল নগরীর ফকির বাড়ি রোডে অবস্থিত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয় এবং একই ভবনে থাকা গণশিল্প সংস্থার কার্যালয়ে ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। মহানগর যুবলীগের আহ্বায়ক (পলাতক) নিজামুল ইসলাম নিজামের ছেলে তামিম ও তার সহযোগীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করেছেন দলটির নেতারা।

লিখিত অভিযোগে জানানো হয়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে কোনো পূর্ব নোটিশ ছাড়াই তামিম ও তার অনুসারীরা কার্যালয়ে প্রবেশ করে। তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং বেশ কয়েকটি সিলিং ফ্যান ও স্ট্যান্ড ফ্যানসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু জানান, গত ৪৮ বছর ধরে ভবনটি ভাড়া নিয়ে তারা রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন এবং নিয়মিত ভাড়া পরিশোধ করছেন। জাতীয় কৃষক সমিতির সভাপতি মুজাম্মেল হক ফিরোজ এই ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

 কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি রাজনৈতিক কোনো বিষয় নয়, বরং ভাড়াটিয়া ও মালিক পক্ষের বিরোধ বলে মনে হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত তামিম বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button